Facebook Twitter Instagram YouTube

অভিনয়ে ৫০ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ / ০
অভিনয়ে ৫০ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

অভিনয়জগতের দীর্ঘ পথচলায় ৫০ বছর পূর্ণ করেছেন দেশের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম। পাঁচ দশকের এই দীর্ঘ যাত্রায় নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ে তার এই দীর্ঘ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ২৫তম আসরে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। নিজের ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর পূর্তির এই মেলবন্ধন তাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন আজিজুল হাকিম।

১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন আজিজুল হাকিম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর মতো দেশের খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন।

সিজেএফবির এই ২৫তম আসরে শুধু আজিজুল হাকিম নন, আরও অনেককে সম্মাননা জানানো হবে। এর মধ্যে সিনেমায় অবদানের স্বীকৃতি হিসেবে চিত্রনায়ক উজ্জ্বলকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এছাড়া টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের জন্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবং অভিনেত্রী দীপা খন্দকারকেও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি প্রদান করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy