
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চালানো অগ্নিসন্ত্রাস, হামলা, ভাঙচুর ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে নেমেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড এলাকা থেকে দলটির নেতাকর্মীরা একটি মোটরসাইকেল মহড়া শুরু করেন।
মহড়াটি টঙ্গীবাজার, টঙ্গী পূর্ব থানা রোড, মিলগেট, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা, বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোড, ভাদাম ও তিলারগাতী রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এশিয়া পেট্রোলপাম্প এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
কর্মসূচিতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক এবং পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে এলাকায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, এই অপতৎপরতা প্রতিহত করতেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন। পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে যাতে কেউ কারখানায় অরাজকতা তৈরি করতে না পারে, সেজন্য তারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছেন। শিল্পাঞ্চলে সকাল থেকে কারখানা ছুটি হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :