Facebook Twitter Instagram YouTube

বান্দরবানে ১৫ হাজার বন্যাদুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা পরিষদ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ /
বান্দরবানে ১৫ হাজার বন্যাদুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জেলা পরিষদ

বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জানান, বন্যাদুর্গত মানুষের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের অনুকূলে ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে। এই চাল দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা তৈরিতে পরিষদের সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তা করেছেন। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

সহায়তা কার্যক্রমটি বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি—এই সাতটি উপজেলায় পরিচালিত হবে। পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

এর আগে বন্যার শুরু থেকেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবার চাল বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও বড় পরিসরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।