
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম রোববার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত অবস্থায় আছেন এবং সাধারণ নাগরিকের মতো চাইলেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন না। তাকে দেশে ফিরতে হলে দুই দেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে এবং দেশে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
একই সঙ্গে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং আগামী ২১ জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও এখন শেষ পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই এসব মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :