
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন। এর মাধ্যমে বহুল আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আদালতের শুনানির পর বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জানান, দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই আদেশে আদালত বর্তমানে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করেছেন। তবে হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত তিন আসামির জামিন বহাল রাখা হয়েছে।
তদন্ত প্রতিবেদন ও মামলার নথি অনুযায়ী, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধ থেকে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়। গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলার কয়েকজন আসামি কারাগারে থাকলেও বাকিরা এখনো পলাতক রয়েছেন।
আপনার মতামত লিখুন :