
দেশের চলমান বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মাহদী আমিন জানান, বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করেই পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন। দুর্গত এলাকায় প্রশাসনের সাথে সমন্বয় করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে এবং দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :