Facebook Twitter Instagram YouTube

মানবতাবিরোধী অপরাধের বিচারে জেলা পর্যায়ে গণশুনানি করছে ট্রাইব্যুনাল


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ / ০
মানবতাবিরোধী অপরাধের বিচারে জেলা পর্যায়ে গণশুনানি করছে ট্রাইব্যুনাল

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে জেলা পর্যায়ে গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মতো অপরাধ এবং জড়িতদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে এই গণশুনানি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৬ তারিখ যশোর জেলা থেকে শুনানি শুরু করার কথা ছিল। তবে আগামী ২৮ তারিখ যশোর জেলা বারের নির্বাচন থাকায় নির্ধারিত সূচি পরিবর্তন হয়ে অন্য কোনো জেলা থেকে এই গণশুনানি শুরু হতে পারে।

চিফ প্রসিকিউটর আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সরেজমিনে সংশ্লিষ্ট জেলাগুলোতে উপস্থিত থেকে গণশুনানি পরিচালনা করবে। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জেলাপর্যায়ের এসব গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, প্রেস ক্লাবের প্রতিনিধি, ছাত্র-জনতা, ভিকটিম পরিবার ও শহীদদের স্বজনেরা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে ভিকটিমদের পরিবারকে অবহিত করার পাশাপাশি প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া গণশুনানির আগে প্রতিটি জেলার উপজেলাসমূহে সরকারি উদ্যোগে মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin