Facebook Twitter Instagram YouTube

মোবাইলে পিস্তলের ছবি দেখে অভিযান, চাঁদপুরে গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ২:১১ অপরাহ্ণ / ০
মোবাইলে পিস্তলের ছবি দেখে অভিযান, চাঁদপুরে গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

চাঁদপুরে পুলিশি তল্লাশির সময় মোবাইল ফোনের গ্যালারিতে অস্ত্রের ছবি দেখে এক যুবককে জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। তারা সম্পর্কে চাচা ও ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একটি চেকপোস্ট বসায়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে চলাচলে সন্দেহ হলে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করার সময় মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান দায়িত্বরত পুলিশ সদস্যরা।

ছবিটি দেখার পর পুলিশ আরাফাতকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে অস্ত্রটি হাতে নিয়ে সে ছবি তুলেছিল। পরবর্তীতে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহায়তায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। ওই সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে এসআই কালাম গাজী জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এর পাশাপাশি চেকপোস্টে আটক হওয়া অপর ১০ যুবকও বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh