Facebook Twitter Instagram YouTube

মৌলভীবাজারে ৩০ কোটি ডলার বিনিয়োগে সানকো ও ডিবিএলের ডেনিম কারখানা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ / ০
মৌলভীবাজারে ৩০ কোটি ডলার বিনিয়োগে সানকো ও ডিবিএলের ডেনিম কারখানা

তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং তাদের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা গড়ে তুলবে। এই প্রকল্পে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সানকো হোল্ডিং। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইনভেস্ট বাংলাদেশ।

প্রস্তাবিত এই কারখানাটিতে একটি ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিট যুক্ত থাকবে। সম্প্রতি সানকো হোল্ডিংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত এই বিনিয়োগের বিষয়টি পুনর্ব্যক্ত করে। সানকোর প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। কারখানাটি চালু হলে অন্তত ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পুরোপুরি রপ্তানিমুখী এই পোশাক কারখানার মাসিক ডেনিম কাপড় উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকের মধ্যেই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে এই কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ প্রয়োজনীয় সার্বিক সহায়তা প্রদান করবে।

ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানানো হয়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সংস্থাটির ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সানকো হোল্ডিং। প্রাথমিক পর্যায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশের পর থেকে নিয়মিত যোগাযোগ, ফলো-আপ এবং সক্রিয় সহায়তার মাধ্যমে এই প্রস্তাবটিকে চূড়ান্ত প্রতিশ্রুতি পর্যায়ে নিয়ে আসতে সংস্থাটি কার্যকর ভূমিকা পালন করেছে।

বিনিয়োগ সংক্রান্ত এই বৈঠকে সানকো হোল্ডিংয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। স্থানীয় যৌথ অংশীদার ডিবিএল গ্রুপের প্রতিনিধিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ সময় ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সানকো হোল্ডিং ১৯০৪ সাল থেকে বস্ত্র ব্যবসায় যুক্ত থাকা একটি পারিবারিক শিল্পগোষ্ঠী। বর্তমানে প্রতিষ্ঠানটি টেক্সটাইল ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে কাজ করছে। তাদের ডেনিম বিভাগ 'ইসকো' বিশ্বের অন্যতম বৃহত্তম ডেনিম প্রস্তুতকারক, যাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সেবা দেওয়া ইসকো তুরস্কের প্রথম সরকার ও মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে আসছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin