Facebook Twitter Instagram YouTube

দিল্লির সুরক্ষিত বাংলোয় অবস্থান করছেন শেখ হাসিনা


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ / ০
দিল্লির সুরক্ষিত বাংলোয় অবস্থান করছেন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোথায় অবস্থান করছেন—দীর্ঘদিনের এ জল্পনার মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত লুটিয়েন্স বাংলো এলাকার একটি সুরক্ষিত সরকারি বাসভবনে রয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে ভারতের উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। এরপর ওই বছরের অক্টোবর থেকেই তাকে দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকার একটি ভারত সরকার বরাদ্দকৃত বাংলোতে রাখা হয়, যেখানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন। তার নিরাপত্তায় চব্বিশ ঘণ্টা সার্বক্ষণিক কর্মী নিয়োজিত রাখার পাশাপাশি সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরাও কঠোর পাহারা দিচ্ছেন। তবে এ নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপনে রাখা হয়েছে।

ভারতে অবস্থানকালেই শেখ হাসিনা বহির্বিশ্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। চলতি বছরের জুনে নেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এনডিটিভি-কে তিনি জানান, বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি এ বছরই সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে তিনি স্রেফ একটি সংগঠন নয়, বরং একটি 'শক্তি' বলে অভিহিত করেন। পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে এনডিটিভি-কে ফোনে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বাংলাদেশে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের আদেশকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেন এবং দল পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া চলতি বছরের আগস্টে নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অডিও কলের মাধ্যমে বক্তব্য দেন, যেখানে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তবে ২৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh