Facebook Twitter Instagram YouTube

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ /
ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফু কুওকের উপকূলে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নৌকাটিতে সর্বমোট ৩৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন সহকারী ছিলেন। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, নৌকাটি হন মে রুত দ্বীপ থেকে ফু কুওকের আন থয় বন্দরের দিকে যাচ্ছিল। উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে যাওয়ার পর উত্তাল সাগরের বিশাল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়।

ভিয়েতনামের ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাস জানিয়েছে, তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যে হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি রেসপন্স কেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য যে, ফু কুওক ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক ভ্রমণের জন্য এই দ্বীপটিকে বেছে নিচ্ছেন।