Facebook Twitter Instagram YouTube

টেইলর সুইফটের বিয়ের ভেন্যুর আবর্জনা চড়া দামে বিক্রি করছেন শিল্পী


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
টেইলর সুইফটের বিয়ের ভেন্যুর আবর্জনা চড়া দামে বিক্রি করছেন শিল্পী

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের রাজকীয় আয়োজন সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান ঘিরে ভেন্যুর চারপাশে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে নতুন এক ব্যবসায়িক মডেল তৈরি করেছেন কুইন্সের শিল্পী জাস্টিন গিগনাক। সাধারণ মানুষের কাছে যা কেবল ময়লা, শিল্পী তা-ই চড়া দামে বিক্রি করছেন।

গত শুক্রবার বিয়ের অনুষ্ঠানের সময় জাস্টিন গিগনাক ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে ঘুরে নানা পরিত্যক্ত বস্তু খুঁজে বের করেন। তিনি জানান, সংগৃহীত বস্তুর মধ্যে রয়েছে একটি ‘রিং পপ’ ক্যান্ডি, একটি ফেলে রাখা ‘এয়ারপড’ এবং একটি ‘ওভুলেশন টেস্ট কিট’। এই বিচিত্র আবর্জনাগুলোকে তিনি ছোট ও বড় স্বচ্ছ প্লাস্টিকের কিউবে বা বাক্সে বন্দি করেছেন।

শিল্পী জাস্টিন গিগনাক জানান, ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউবের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ২৫ ডলার। এছাড়া সাধারণ আবর্জনার বড় কিউবগুলোর দাম রাখা হয়েছে ১০০ ডলার করে। তিনি স্পষ্ট করেছেন যে, এই আবর্জনাগুলো সরাসরি বর-কনে বা আমন্ত্রিত অতিথিদের ফেলা—এমন কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তবে অনুষ্ঠানের স্থান ও তারিখের বিশেষত্বের কারণে এটি একটি সংগ্রাহক বস্তু হিসেবে আকর্ষণীয় হতে পারে।

গত ২৫ বছর ধরে আবর্জনাকে কিউবে বন্দি করার কাজ করছেন গিগনাক। পরিত্যক্ত জিনিসের মাঝে সৌন্দর্য ও আনন্দ খুঁজে পাওয়াই তার এই কাজের মূল দর্শন। তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন নিউইয়র্কবাসী। মিডটাউনের বাসিন্দা নাটালিয়া ক্রুজের মতে, টেইলর সুইফটের ভক্ত বা ‘সুইফটিদের’ কাছে প্রিয় তারকার সাথে সম্পৃক্ত যেকোনো কিছুরই বিশেষ মূল্য রয়েছে, তাই শখের বশেই মানুষ এগুলো কিনবে। অনেক পর্যটকও একে সুযোগ কাজে লাগানোর একটি চমৎকার উদাহরণ হিসেবে দেখছেন।