
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর প্রভাবে নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং রাজধানীতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর থেকে স্বস্তির কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নিয়ে নগরবাসীর মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়েও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :