Facebook Twitter Instagram YouTube

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ /
দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ ভোর থেকে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অতি ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।