
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে দেশের মেধাবী ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আইসিটি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জামানতবিহীন এই অর্থায়নের প্রক্রিয়াটি পরিচালনার জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি কাজ করবে। প্রকল্পের সম্ভাবনাই হবে এই অর্থায়নের মূল মাপকাঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকারি এই তহবিলের শতভাগ জবাবদিহি নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :