Facebook Twitter Instagram YouTube

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬, আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬, আশ্রয়কেন্দ্রে ১০ হাজার মানুষ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের ঘটনায় দেশের সাত জেলায় চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহত হয়েছেন আরও ৩৯ জন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বর্তমানে বন্যাকবলিত। প্রশাসনিকভাবে ৫৯টি উপজেলার কথা উল্লেখ থাকলেও জেলাভিত্তিক হিসাবে ৫৭টি উপজেলার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। সেখানে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ছয়জন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সারা দেশে ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ১০ হাজার ৮৫৪ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে রাঙামাটির ৪০টি কেন্দ্রে ৩ হাজার ১৫৮ জন, চট্টগ্রামের ৭০টি কেন্দ্রে ৩ হাজার ১৪০ জন, বান্দরবানের ৫৪টি কেন্দ্রে ২ হাজার ৫৮৪ জন এবং মৌলভীবাজারের ১০টি কেন্দ্রে ১ হাজার ৭৪৫ জন অবস্থান করছেন। এছাড়া খাগড়াছড়ির তিনটি কেন্দ্রে ৩৪ জন এবং কক্সবাজারের তিনটি কেন্দ্রে ১৯৩ জন আশ্রয় নিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্যাকবলিত সাত জেলার জন্য এক কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলা পেয়েছে সর্বোচ্চ ৬৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ মেট্রিক টন চাল। এছাড়া দেশের অন্যান্য ৫৭ জেলার জন্য সাধারণ বরাদ্দ হিসেবে জেলাপ্রতি পাঁচ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৪ জেলার জন্য মোট চার কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।