
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবির মুখেও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে বুধবার (১৫ জুলাই) পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষা প্রশাসন। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বুধবার সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
রুটিন অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডে—চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পাঁচ জেলা ছাড়া—পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্দোলন করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। দিনভর কর্মসূচি শেষে রাতে তারা আন্দোলন স্থগিত করলেও নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই বুধবারের পরীক্ষা হবে কি না, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে রাত পর্যন্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :