Facebook Twitter Instagram YouTube

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আইআরজিসির হামলা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ /
সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আইআরজিসির হামলা

সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে অতর্কিত হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির ভাষ্যমতে, ইরানশাহরের বাম্পুরে নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ এনে বলা হয়েছে, এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টার।

আইআরজিসি দাবি করেছে, এই হামলায় মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান পরিচালনার হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া এই হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও তারা দাবি করেছে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনো ইরানের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh