Facebook Twitter Instagram YouTube

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা দল


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ / ০
ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরনের ভ্রমণ জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে যাওয়ার নির্ধারিত সূচি অনুযায়ী সময়মতো পৌঁছাতে পারেনি লিওনেল মেসির দল, যা তাদের ফাইনালের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা দল আটলান্টাতেই অবস্থান করছিল। বৃহস্পতিবার তাদের নিউইয়র্কে পৌঁছানোর পরিকল্পনা ছিল, যাতে ফাইনালের শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো গুছিয়ে নেওয়া যায়। কিন্তু আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে তারা দীর্ঘ সময় আটকা পড়ে। স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় থাকতে হয় পুরো দলকে।

অবশেষে শুক্রবার ভোরে আর্জেন্টিনা দল নিউইয়র্কে পৌঁছাতে সক্ষম হয়। সাধারণত আটলান্টা থেকে নিউইয়র্কের বিমানযাত্রায় প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে ফাইনালের আগের প্রস্তুতির সূচিতে কিছুটা রদবদল আনতে হয়েছে দলকে।

এর আগে বুধবার ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও শেষদিকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান এবং লাউতারো মার্তিনেজ জয়সূচক গোলটি করেন। থমাস টুখেলের দলের বিপক্ষে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও দীর্ঘ ৬০ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় তাদের।

এদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন দল ইতোমধ্যে নিউ জার্সিতে পৌঁছে তাদের অনুশীলন শুরু করেছে। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে, যার টিকিট চাহিদা ফাইনাল নিশ্চিত হওয়ার পর ১৬৫ শতাংশ বেড়ে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor