
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা পরিচালনা, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুল এবং প্রশ্নপত্রের মান নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্দোলনের পেছনে অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সবসময়ই সক্রিয় থাকে। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যা এখন দৃশ্যমান। যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে অনেকেই প্রকৃতপক্ষে শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয় বলেও তিনি দাবি করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে অবগত করেছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্নের ভুলের বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীরা সন্তুষ্ট। কোনো শিক্ষার্থী যদি এর পরের পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালীন তাদের সুযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, একটি মন্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন, যার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করেছেন।
সরকারকে বিব্রত করতে চাওয়া মহলগুলোর বিষয়ে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়কে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তিনি উল্লেখ করেন, ঢাকা ও দু-একটি জেলায় কিছু জায়গায় যারা এসব নিয়ে কথা বলছে, তাদের সংখ্যা খুব বেশি নয়। বিষয়টি হয়তো গণমাধ্যমে আসার কারণে গুরুত্ব পেয়েছে, তবে সরকার এসব বিষয়ে খুব একটা মনোযোগ দিচ্ছে না।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
আপনার মতামত লিখুন :