Facebook Twitter Instagram YouTube

একই গুনাহ বারবার করলে কি আল্লাহর কাছে তওবা কবুল হয়?


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ /
একই গুনাহ বারবার করলে কি আল্লাহর কাছে তওবা কবুল হয়?

মানুষ স্বভাবতই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের নানা পর্যায়ে মানুষ জেনে বা অজান্তে এমন অনেক কাজ করে ফেলে, যা ইসলামের দৃষ্টিতে গুনাহ বা পাপ হিসেবে বিবেচিত। গুনাহের পর অনুতপ্ত হয়ে অনেকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে মানবিক দুর্বলতার কারণে অনেক সময় মানুষ আবারও একই ভুলে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, একই গুনাহ বারবার হলে কি বারবার তওবা করা যায়?

ইসলামি দৃষ্টিকোণ থেকে, গুনাহ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া কোনোভাবেই উচিত নয়। বরং ভুল বুঝতে পারার পর আন্তরিকভাবে তওবা করে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করতে হবে। গুনাহকে সাধারণভাবে সগিরা বা ছোট এবং কবিরা বা বড়—এই দুই ভাগে ভাগ করা হয়। ছোট গুনাহগুলো বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ হওয়ার সুযোগ থাকলেও বড় গুনাহের ক্ষেত্রে আন্তরিক তওবা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনের সুরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের খাঁটি তওবার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে পাপ মোচন করে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়।

ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর মতে, তওবা করার পর অনিচ্ছাকৃতভাবে কেউ যদি আবারও একই গুনাহে জড়িয়ে পড়ে, তবে তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় না। বরং পুনরায় তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার অন্যতম গুণবাচক নাম হলো 'তাওয়াব', যার অর্থ তিনি বারবার তওবা কবুলকারী। তাই নিজের ভুলের জন্য সত্যিকার অর্থে অনুতপ্ত হলে বারবার ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করা উচিত নয়। রাসুলুল্লাহ (সা.) তওবার গুরুত্ব বোঝাতে বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয়, বান্দার তওবায় আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন (সহিহ বুখারি, হাদিস: ৫৮৭০)।

তওবা শুধু মুখে ক্ষমা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গুনাহ থেকে সত্যিকার অর্থে ফিরে আসার ইচ্ছা, অনুতাপ এবং ভবিষ্যতে সেই ভুল এড়িয়ে চলার আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে গঠিত। কেউ দুর্বলতার কারণে পুনরায় ভুল করে ফেললে হতাশ না হয়ে বরং নিজেকে সংশোধনের চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনের সুরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নিজেদের ওপর জুলুম করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, কারণ তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু। তাই শয়তানের প্ররোচনায় হতাশ না হয়ে একজন মুমিনের করণীয় হলো অনুতপ্ত হয়ে বারবার আল্লাহর দিকে ফিরে আসা এবং গুনাহ থেকে দূরে থাকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy