Facebook Twitter Instagram YouTube

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যদিও এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা সুবিধা হয়েছে, তবে একই সঙ্গে যানজটসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া এসব যানবাহনের কারিগরি নিরাপত্তা ও মান নিয়ে প্রশ্ন রয়েছে এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও অভাব রয়েছে।

নতুন নীতিমালার মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচল একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ডা. জাহেদ উর রহমান। নীতিমালায় রিকশাগুলো কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের কারিগরি সক্ষমতা ও মান এবং চালকদের প্রশিক্ষণের বিষয়টি সুনির্দিষ্ট করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরুর তথ্যও তুলে ধরেন। তিনি জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। চলতি অর্থবছরে দেশের মোট ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে এবং এ খাতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তা দ্রুত বাজারে ব্যয় হবে, যা দেশের অর্থনীতিতে চাহিদা ও কর্মসংস্থান তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din