
২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে বাড়তি সুবিধা নিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের সুবাদে কোনো প্রাথমিক রাউন্ড না খেলেই সরাসরি নকআউট পর্ব বা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগাররা। আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী উভয় ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেবে। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। বাকি ছয়টি দলকে মূলপর্বে ওঠার জন্য লড়াই করতে হবে।
প্রথম রাউন্ডের 'এ' গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। 'বি' গ্রুপে লড়বে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের এই ক্রিকেট ইভেন্ট আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়বে সবকটি দল।
এদিকে নারী ক্রিকেটে অংশ নিচ্ছে আটটি দল। দলসংখ্যা কম হওয়ায় তাদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারতের মুখোমুখি হবে জাপান, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট ইভেন্ট ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী উভয় বিভাগেই পদকের লড়াই হবে টি-টোয়েন্টি সংস্করণে।
আপনার মতামত লিখুন :