
রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, তারা চেয়েছিলেন মো. সাহাবুদ্দিনকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হোক, কিন্তু তা করা সম্ভব হয়নি। তিনি বলেন, সাহাবুদ্দিন চুপ্পু একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসর। তিনি যদি বিচারের মুখোমুখি না হন, তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিনের দেওয়া বিভিন্ন কারণকে ‘অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেন এনসিপির এই নেতা। আখতার হোসেন বলেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি যে ন্যারেটিভ সাজিয়েছেন, তা মূলত একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরির চেষ্টা। তিনি আরও বলেন, এই ধরনের কোনো নিরাপদ প্রস্থানের সুযোগ তাকে দেওয়া উচিত নয়, বরং তার সব অপরাধের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
এনসিপির সদস্যসচিব আরও বলেন, রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে এতদিন তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। তবে পদত্যাগ করার সাথে সাথে তার আর কোনো আইনগত ইনডেমনিটি বা দায়মুক্তির সুযোগ নেই। তাই অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :