
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে।
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আগ্রহ নেই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আগেই হারিয়েছেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে পূর্বে দেয়া বক্তব্য অস্বীকার করে তিনি মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতির শপথের লঙ্ঘন বলে দাবি করেন জামায়াত আমীর। এছাড়া ২০২৪ সালের গণহত্যার সময় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জামায়াতে ইসলামী আশা করে যে, অস্থায়ী রাষ্ট্রপতি পক্ষপাতহীনভাবে এবং রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে দলটির পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা চাই পরবর্তী রাষ্ট্রপতি এমন কেউ হোন যিনি তোষামোদকারী নন।
আপনার মতামত লিখুন :