
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে সংসদ সদস্যের ইমামতি করা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ শুরুর আগে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, যিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে, দুপুরে মসজিদে উপস্থিত হন। খুতবার আগে মাইক্রোফোনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইমামতি করার আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে সেখানে উপস্থিত বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত মসজিদের ইমামের পেছনেই সবাই জুমার নামাজ আদায় করেন।
ঘটনার বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল করিম অভিযোগ করেন, “দলীয় প্রভাব বিস্তার করতে জামায়াতের এমপি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি হুট করে এসে ইমাম সাহেবের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেন এবং জোরপূর্বক নামাজ পড়াতে চান। প্রতিবাদ জানালে জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা উসকানিমূলক আচরণ, ধাক্কাধাক্কি ও মারমুখী অবস্থান নেয়।”
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, “আমি ক্ষমতা প্রদর্শন বা জোর করে নামাজ পড়াতে যাইনি। স্থানীয়দের অনুরোধ ও আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। পরে তার এক কর্মীর দোকানে হামলা, লুটপাট ও মারধর করা হয়।”
ওসি আনিসুর রহমান জানান, জুমার নামাজে বিশৃঙ্খলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদের ভেতরে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলেও পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
আপনার মতামত লিখুন :