Facebook Twitter Instagram YouTube

পুলিশ দেখে সংবাদ সম্মেলন ছেড়ে পালালেন ডাকাতি মামলার প্রধান আসামি


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ /
পুলিশ দেখে সংবাদ সম্মেলন ছেড়ে পালালেন ডাকাতি মামলার প্রধান আসামি

পাবনার ঈশ্বরদীতে গত মঙ্গলবার দিবাগত রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জিয়াউল হাসান বিপ্লব ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী আলমকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার রূপপুর কড়ইতলা এলাকায় অভিযুক্ত পক্ষ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নুরুন্নবী লিখিত বক্তব্যে দাবি করেন, ঝুট ব্যবসার অংশীদারত্বের ভিত্তিতে তারা প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। চুক্তি অনুযায়ী লাভের অংশ কিংবা আসল মূলধন—কোনোটিই তারা পাননি। পাওনা অর্থ দাবি করায় ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে এবং গণমাধ্যমে তাদের ‘ডাকাত’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে নুরুন্নবী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে একই সময়ে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নুরুন্নবীসহ অন্য আসামিরা সংবাদ সম্মেলনস্থল ছেড়ে পালিয়ে যান।

এ বিষয়ে ডিবি পুলিশ জানিয়েছে, মামলার আসামি মো. নিজামকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh