Facebook Twitter Instagram YouTube

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ /
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান রোধে সাবেক রাষ্ট্রপতিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন ফ্যাসিবাদের সহযোগী ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের গুম ও খুনের বৈধতা দিয়েছিলেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রজনতার ওপর শেখ হাসিনার চালানো গণহত্যাকে তিনি সমর্থন দিয়েছেন এবং নীরব থেকেছেন বলেও দাবি করেন আখতার হোসেন।

আখতার হোসেনের মতে, মো. সাহাবুদ্দিন অসুস্থতার অজুহাতে পদত্যাগ করলেও পদত্যাগপত্রে বেশ কিছু অপ্রাসঙ্গিক ঐতিহাসিক বিবরণ তুলে ধরেছেন, যা মূলত নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরির চেষ্টা। তিনি আরও বলেন, এতদিন রাষ্ট্রপতি পদে থাকার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না, কিন্তু পদত্যাগের পর তার আর কোনো আইনি সুরক্ষা নেই। বিএনপি যদি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে, তবে তাদের উচিত সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতিকে অভিশংসন না করে বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে যুক্ত রেখে বিএনপিই তার আসন পাকাপোক্ত করতে সাহায্য করেছিল।

ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সরকার গঠনের পাঁচ মাস পর রাষ্ট্রপতিকে অপসারণের এই উদ্যোগ বিএনপির পুরোনো কৌশলেরই অংশ। তার দাবি, বিএনপি আগামী নির্বাচনকালীন সময়ে নিজেদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্বে বসিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়। সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং নেত্রী মনিরা শারমিন উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo