Facebook Twitter Instagram YouTube

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ /
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা অবস্থায় একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বোমাটি পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা বোমাটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি), যা অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বোমাটি পাওয়া যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল, তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে জানান যে তিনি প্রতিবেদন তৈরির কাজে ব্যস্ত আছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy