Facebook Twitter Instagram YouTube

কুষ্টিয়ায় ইউএনওর দপ্তরে গিয়ে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ /
কুষ্টিয়ায় ইউএনওর দপ্তরে গিয়ে ফুল দিয়ে বরণ করলেন জামায়াতের এমপি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আবদুল গফুর মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইউএনওর কক্ষে যান এবং তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি ইউএনওকে একটি উপহারও প্রদান করেন।

সংসদ সদস্যের এই সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনার মাধ্যমে প্রশাসনিক নিরপেক্ষতা এবং ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, একজন সংসদ সদস্যের সরাসরি সরকারি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এভাবে সংবর্ধনা দেওয়া প্রটোকল অনুযায়ী কতটা যৌক্তিক।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার সদস্য মিজানুর রহমান এ বিষয়ে বলেন, সংসদ সদস্যের এভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে ফুল দেওয়া সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব বা অপ্রকাশিত চাপ তৈরির বার্তা দিতে পারে, যা প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ রাখে।

মঙ্গলবার সকাল ১০টা ১৬ মিনিটে সংসদ সদস্য তাঁর ফেসবুক পেজে তিনটি ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে নব্য নিযুক্ত ইউএনওকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। ওই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জোমারত আলী, উপজেলা শাখার আমীর রেজাউল করিম, পৌর মেয়র পদপ্রার্থী এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মওলানা ওমর ফারুক উপস্থিত ছিলেন। ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই সৌজন্য সাক্ষাতে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন এবং কয়েক দিন আগেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কার্যালয়ে এসে ফুল দেওয়া হয়েছিল। মঙ্গলবার সংসদ সদস্য সৌজন্য সাক্ষাৎ করতে এসে ফুল ও বই উপহার দিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। তবে সংসদ সদস্যের পিএস তাঁকে ফোন করে আসার বিষয়টি জানিয়েছিলেন।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল গফুরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী খুলশী থানার ওসির কার্যালয়ে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন, যা নিয়েও তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo