Facebook Twitter Instagram YouTube

এল সালভাদরে অপরাধী চক্রের ২৮ সদস্যকে ১০০০ বছরের বেশি কারাদণ্ড


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ /
এল সালভাদরে অপরাধী চক্রের ২৮ সদস্যকে ১০০০ বছরের বেশি কারাদণ্ড

মাদক পাচার, অর্থ পাচার ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এল সালভাদরের একটি আদালত অপরাধী চক্রের ২৮ সদস্যকে ১ হাজার বছরেরও বেশি মেয়াদের কারাদণ্ড দিয়েছে। বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রসিকিউটররা জানিয়েছেন, ‘এল গ্রেমিয়া’ নামের অপরাধী চক্রের ২৮ সদস্যকে মাদক পাচার, অর্থ পাচার ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দণ্ডিত করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ১ হাজার ৪৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে ২০২২ সাল থেকে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করছেন। এই কঠোর অভিযানের আওতায় এ পর্যন্ত ৯০ হাজারের বেশি সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের ঠাঁই হয়েছে দেশটির কুখ্যাত সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারগুলোতে।

নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে গত মার্চে বেকেলে-নিয়ন্ত্রিত কংগ্রেস একটি সাংবিধানিক সংস্কার অনুমোদন করে। নতুন বিধানে আগের সর্বোচ্চ ৬০ বছরের কারাদণ্ডের নিয়ম তুলে দিয়ে খুন, ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান কার্যকর করা হয়। পরবর্তীতে ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও এই সর্বোচ্চ শাস্তির নিয়ম সম্প্রসারিত করা হয়েছে।

তবে নাইব বুকেলের এই শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে অলাভজনক মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, এল সালভাদরে বিচার বিভাগের কোনো স্বাধীনতা অবশিষ্ট নেই। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বুকেলে সরকার নিরপরাধ মানুষদের জোরপূর্বক কারারুদ্ধ করে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, এই কঠোর দমনপীড়নের মুখে পড়ে শত শত মানুষ কারা হেফাজতে মারা গেছেন এবং হাজার হাজার মানুষকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই বেআইনিভাবে আটকে রাখা হয়েছে।

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১১: ০০আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১: ০০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh