Facebook Twitter Instagram YouTube

অপরিকল্পিত প্রকল্প নিয়ে জনগণের অর্থের অপচয় আর নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ /
অপরিকল্পিত প্রকল্প নিয়ে জনগণের অর্থের অপচয় আর নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্টভাবে জানিয়েছেন যে, বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় আর করা যাবে না। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত পৃথক দুটি সভায় তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করেন। সভায় বিদ্যুৎ বিভাগের অনুমোদিত প্রকল্প গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি খাতের ম্যাপিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, দেশের ভূগর্ভস্থ সম্পদের সঠিক অবস্থান ও সম্ভাবনার চিত্র পরিপূর্ণভাবে পাওয়ার জন্য একটি আধুনিক ও সমন্বিত মানচিত্র তৈরি করা প্রয়োজন। বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভূতাত্ত্বিক জরিপ ও ব্লক ম্যাপগুলোকে একত্রিত করে একটি একক ও তথ্যভিত্তিক রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা সহজতর হবে।

জ্বালানি সরবরাহ ও চাহিদার প্রকৃত চিত্র তুলে ধরার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জোনভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে বা করণীয় ঠিক করতে কালক্ষেপণ করা যাবে না। এছাড়া প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ওপরও তিনি জোর দেন।

বিদ্যুৎ বিভাগের অনুমোদিত প্রকল্পগুলোর যৌক্তিকতা নিয়ে আলোচনার সময় প্রতিমন্ত্রী প্রতিটি প্রকল্পের গুরুত্ব ও জনগণের প্রয়োজন মেটানোর সক্ষমতা যাচাই করার নির্দেশ দেন। তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রকল্পের পেছনে জনগণের অর্থের অপচয় হওয়ার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না। সেই সাথে এই সেবামূলক খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

উক্ত সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy