
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে জনগণ যখনই পরিবর্তনের দাবি তুলেছে, তখনই তাদের প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি পরিবর্তনের পেছনেই রয়েছে মানুষের আত্মত্যাগ। শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে রাষ্ট্র ও সমাজে সত্যিকারের পরিবর্তন নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহিদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
মির্জা ফখরুল বলেন, পরিবর্তন একটি অনিবার্য প্রক্রিয়া। স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর যদি পরিবর্তনের দাবিতে তরুণদের আবারও রক্ত দিতে হয়, তবে তা আত্মসমালোচনার বিষয়। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে দেশের তরুণরাই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। তাদের আত্মত্যাগকে স্মরণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুধু সরকার নয়, মানুষের চিন্তা-চেতনা, প্রশাসনিক সংস্কৃতি এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনবিমুখ প্রবণতা লক্ষ্য করেছেন উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। প্রতিশোধ নয়, জাতীয় ঐক্য ও সুশাসনের মাধ্যমেই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সমাজে অন্যায় ও শোষণ বাড়লে জনগণ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :