
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করা, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠকটি ডাকা হয়েছিল।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কাজের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :