Facebook Twitter Instagram YouTube

সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ /
সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সরকার যদি রাজনৈতিক কর্মসূচি দমনের জন্য সন্ত্রাসের পথ বেছে নেয়, তবে দেশের সাধারণ জনগণ প্রতিরোধের পথ অবলম্বন করবে।

নাহিদ ইসলাম বলেন, মতপ্রকাশে বাধা, দমন-পীড়ন কিংবা নিরাপত্তার অজুহাতে রাজনৈতিক কর্মসূচি ঠেকানোর যেকোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি বর্তমান সরকারকে অতীতের শাসনামলের কৌশল পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অনুসরণ করবেন না, কারণ কীভাবে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তা দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও অবগত।

তিনি অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে যে দেশকে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমরা আমাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইজিপি পর্যন্ত অবহিত করেই যাতায়াত করছি। অথচ হবিগঞ্জ ও গোলাপগঞ্জে আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। গোলাপগঞ্জের ক্ষেত্রে প্রশাসন নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিলেও সেখানে হামলা হয়েছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার কোনো ধরনের সংস্কার বা গণতান্ত্রিক পরিবর্তন চায় না এবং দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে মরিয়া। তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় কোনো বক্তব্য পছন্দ না হলে পাল্টা সমাবেশের মাধ্যমে তার জবাব দিতে হবে, দমন-পীড়ন বা নিরাপত্তার অজুহাতে বাধা দেওয়া গণতন্ত্রসম্মত নয়। তিনি আরও যোগ করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে কোনো বিতর্ক থাকলে তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের, কোনো ছাত্রসংগঠন বা রাজনৈতিক কর্মীর নয়।

তিনি বলেন, দেশে আবারও ভয়ের সংস্কৃতি তৈরির চেষ্টা চলছে, যা শাবিপ্রবিতে প্রবেশের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে স্পষ্ট হয়েছে। যারা সন্ত্রাস করে তাদের বিচারে আনলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হয় না বলে দাবি করেন তিনি। পরিশেষে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের শহীদ ও জনগণের কাছে অঙ্গীকার অনুযায়ী, ফ্যাসিস্ট বা সাম্রাজ্যবাদী কোনো শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না।

জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দেশে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “দেশের গণতন্ত্র এবং গণভোটের জনরায়ের পক্ষে ১১ দলীয় জোট ছিল, আছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। একই সঙ্গে সন্ত্রাস মোকাবিলায় কেবল রাজনৈতিক দলই নয়, দেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান তিনি।”

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin