
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী সমকামিদের যোগাযোগের একটি অনলাইন অ্যাপ ব্যবহার করে ওই বহিরাগত ব্যক্তিকে হলে ডেকেছিলেন। নির্ধারিত কক্ষে যাওয়ার পথে ভুলবশত অন্য একটি কক্ষের সামনে চলে গেলে আবাসিক শিক্ষার্থীদের সন্দেহের উদ্রেক হয়। শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংগতি ধরা পড়ে। পরে তার মোবাইল ফোন যাচাই করে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের তথ্য ও পরিচয় পাওয়া যায়।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, বহিরাগত ব্যক্তি আটক হওয়ার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষার্থী তার মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করে আত্মগোপনের চেষ্টা করেন। পরবর্তীতে বহিরাগত ব্যক্তির দেওয়া তথ্য এবং তার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর মিলিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে তিনি বিষয়টি স্বীকার করেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শাহবাগ থানায় পাঠানোর পর ওই শিক্ষার্থীকে তার নিজ বিভাগের জিম্মায় এবং বহিরাগত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে এবং পরবর্তীতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :