Facebook Twitter Instagram YouTube

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ /
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর সম্পন্ন করেছেন। এই সফর শেষে তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন ধনকুবের সার্জিও গোর, যিনি বর্তমানে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। সন্ধ্যা ৬টার পর শুরু হওয়া এই বৈঠকে দুই পক্ষ তাদের প্রতিনিধিদলসহ আলোচনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ও সার্জিও গোর প্রায় ২০ মিনিট একান্তে বৈঠক করেন।

বৈঠকের পর সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষের আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গোরের প্রথম বাংলাদেশ সফর। ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেওয়ার পর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor