Facebook Twitter Instagram YouTube

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো সরকার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো সরকার

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক আদেশের মাধ্যমে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশের মাধ্যমে আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের কার্যকাল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতা চলছিল। এরই অংশ হিসেবে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পরবর্তীতে ১৩ আগস্ট আইনজীবী মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হককে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিল।

অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, এই নতুন নিয়োগের আগে সেখানে সব মিলিয়ে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল কর্মরত ছিলেন। এর আগে গত ২৩ জুন জামায়াতপন্থি হিসেবে পরিচিত ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে ঘটা ওই পদত্যাগকারীদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। তারা মূলত জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh