Facebook Twitter Instagram YouTube

গঙ্গা চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের সংসদীয় কমিটির


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ /
গঙ্গা চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে, চুক্তিটি নবায়নের লক্ষ্যে কোনো প্রকার দেরি না করে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে তাগিদ দিয়েছে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি। বিরোধী দল কংগ্রেসের এমপি শশী থারুরের নেতৃত্বাধীন এই প্যানেল গত বৃহস্পতিবার ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক তাদের সর্বশেষ প্রতিবেদনে এই সুপারিশ তুলে ধরেছে।

সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে এবং নবায়ন বিষয়ে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়নি। কমিটি সুপারিশ করেছে, সাম্প্রতিক হাইড্রোলজিক্যাল তথ্য ও জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস বিবেচনায় নিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে যথাযথ পরামর্শ সাপেক্ষে এই আলোচনা প্রক্রিয়া দ্রুত শুরু করা প্রয়োজন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মূল লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির প্রবাহ দুই দেশের মধ্যে সুষমভাবে বণ্টন করা। চুক্তি অনুযায়ী, পানির প্রাপ্যতা সাপেক্ষে দুই দেশ নির্দিষ্ট হারে পানি পাবে এবং প্রবাহ কমে গেলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিধান রাখা হয়েছে। বর্তমানে পানিপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় চাহিদার মতো নতুন বাস্তবতাকে সামনে রেখে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি করার বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও এ বিষয়ে কথা বলেছিলেন।

এদিকে, সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে ইতিবাচক ধারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার বিষয়টিকে কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy