Facebook Twitter Instagram YouTube

রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিনের প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
রাশিয়ায় ক্যানসার ভ্যাকসিনের প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার ভ্যাকসিন ‘নিওঅনকোভ্যাক’ প্রথমবার প্রয়োগের পর ইতিবাচক ও আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দার গিনজবার্গ। তিনি জানান, ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে কাঙ্ক্ষিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন রেসপন্স তৈরি হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন।

গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি নিজস্ব প্রযুক্তির ব্যক্তিগত বা পার্সোনালাইজড ক্যানসার চিকিৎসার অনুমোদন দিয়েছিল। এর মধ্যে মেলানোমা বা ত্বকের ক্যানসারের জন্য এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘নিওঅনকোভ্যাক’ এবং কোলরেকটাল ক্যানসারের জন্য পেপটাইড ওষুধ ‘অনকোপেপ্ট’ অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের এপ্রিলে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে ৬০ বছর বয়সী মেলানোমায় আক্রান্ত এক রোগীর শরীরে প্রথমবারের মতো নিওঅনকোভ্যাক প্রয়োগ করা হয়।

গিনজবার্গের ভাষ্যমতে, ওই রোগী এখন স্বাভাবিক জীবনযাপন করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষায় দেখা গেছে, তার শরীর ক্যানসারের টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সক্রিয় যৌগ তৈরি করতে শুরু করেছে। চিকিৎসাসূচি অনুযায়ী তাকে আরও দুটি ডোজ দেওয়া হবে। এছাড়া আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে আরও ১০ জন রোগীর জন্য এই ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে।

রাশিয়ার জাতীয় চিকিৎসা গবেষণা কেন্দ্রের প্রধান আন্দ্রে কাপ্রিন জানান, এটি প্রচলিত ক্যানসার চিকিৎসার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই প্রযুক্তিতে রোগীর নিজস্ব টিউমার ও সুস্থ টিস্যুর জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কাস্টমাইজড ভ্যাকসিন তৈরি করা হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সরাসরি ক্যানসার কোষ চিহ্নিত করে ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়। গামালেয়া ইনস্টিটিউট বর্তমানে অগ্ন্যাশয়, কিডনি এবং ফুসফুসের ক্যানসারের প্রতিষেধক তৈরিতেও কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin