
প্রখ্যাত অভিনেত্রী শবনম অভিনীত সিনেমা 'দিল' মুক্তির তিন যুগ পূর্ণ হয়েছে। প্রয়াত পরিচালক আজিজুর রহমানের পরিচালনায় ১৯৯২ সালের ২২ মে মুক্তি পাওয়া এই সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পেয়েছিল। সিনেমাটিতে শবনমের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন নাইম এবং তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন শাবনাজ। মুক্তির পর নাইম-শাবনাজ জুটি দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। তবে শবনমের সঙ্গে অভিনয়ের সুযোগ শাবনাজ কেবল এই একটি সিনেমাতেই পেয়েছিলেন।
দীর্ঘদিন পর সম্প্রতি সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শাবনাজ বলেন, শ্রদ্ধেয় শবনম আপা আমাদের সিনেমার গর্ব। তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করে অনেক কিছু শিখেছি। প্রায় তিন যুগের সম্পর্কে তার কাছ থেকে অনেক স্নেহ ও ভালোবাসা পেয়েছি। শাবনাজ আক্ষেপ করে বলেন, আম্মাজান সিনেমার পর আমরা এমন একজন গুণী অভিনেত্রীকে আর কোনো সিনেমায় পাইনি। তার মেধাকে আরও কাজে লাগাতে পারলে হয়তো আমরা আরও ভালো ভালো কয়েকটি সিনেমা পেতাম। তারপরও তিনি এ দেশে যেসব সিনেমাতে অভিনয় করেছেন তা আজও দর্শকের মনে গেঁথে আছে। আপার কাছে আমরা ঋণী।
শাবনাজের প্রতি স্নেহ প্রকাশ করে শবনম বলেন, শাবনাজ আমার ভীষণ স্নেহের। খুব লক্ষী একটি মেয়ে। তার বিনয় ও আচরণ আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি দোয়া করি শাবনাজ তার স্বামী ও দুই কন্যাকে নিয়ে খুব ভালো থাকুক। কাজের ক্ষেত্রে শবনমকে এখন আর পর্দায় দেখা যায় না। সর্বশেষ তিনি 'আম্মাজান' সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় আর কোনো সিনেমায় অভিনয় করা হয়নি তার। যদিও তিনি অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি, তবে শারীরিক অবস্থার কারণে আর ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন এই প্রখ্যাত অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :