
ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য দেওয়ার বিষয়টি। হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি অবহিত করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের বক্তব্য প্রদান দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তিনি প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। এছাড়া নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব বলে উভয় পক্ষ একমত পোষণ করেন।
আপনার মতামত লিখুন :