Facebook Twitter Instagram YouTube

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উত্তাল ছাত্র আন্দোলন


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ /
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উত্তাল ছাত্র আন্দোলন

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ছাত্র আন্দোলন দানা বেঁধেছে। চাকরিপ্রার্থীরা চতুর্দশ রাজ্য সরকারি কর্ম কমিশনের প্রাথমিক পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং সামগ্রিক নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) পরিচালিত পরীক্ষায় দীর্ঘদিনের দুর্নীতির কারণে লাখ লাখ তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাজ্য সরকার বিষয়টি সিআইডির কাছে হস্তান্তর করে। এর প্রেক্ষিতে ২২ জুলাই জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। তবে আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, পুরো ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে। এই দাবিতে গতকাল রোববার রাজধানী রাঁচির আলবার্ট এক্কা চকে হাজার হাজার শিক্ষার্থী মশাল মিছিল করেছেন। একইসঙ্গে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো।

অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এই আন্দোলনের সূত্রপাত। তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, গত মাসের ২ তারিখে ফলাফল ঘোষণার পর ৫ জুলাই আন্দোলন শুরু হয়, ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করা হয় এবং ২০ জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দেওয়া হয়। কিন্তু সরকার ও কমিশন শিক্ষার্থীদের উদ্বেগের কোনো সমাধান দিতে ব্যর্থ হওয়ায় তিনি অনশনে বসতে বাধ্য হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং টিডিপিএল সংস্থা দ্বারা পরিচালিত সব পরীক্ষার তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তার এই লড়াই চলবে। তিনি আরও বলেন, ঝাড়খণ্ড সরকার ও কমিশনের বর্তমান মনোভাব শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিচ্ছে, তাই তিনি অনশনের সব নিয়ম মেনে লড়াই চালিয়ে যাবেন।

এদিকে, এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আন্দোলনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh