
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১১ই নভেম্বর। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে আবেদন কার্যক্রম চলবে ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার মোট ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচির বিষয়ে বলা হয়েছে, আইবিএ ছাড়া অন্যান্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ’র ভর্তি পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
মূল্যায়ন পদ্ধতির বিষয়ে জানা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
ভর্তির আবেদনের জন্য ২০২১ থেকে ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদা জিপিএ শর্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ২৮শে মার্চ।
ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১-২০২৪ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আপনার মতামত লিখুন :