
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে তাদের দায়িত্ব গ্রহণ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত আবেদন গ্রহণ, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজারের বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। তবে চূড়ান্ত ফল প্রকাশের দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও যোগদান কার্যক্রম শুরু না হওয়ায় প্রার্থীরা অনিশ্চয়তার মুখে পড়েন।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, দীর্ঘদিন যোগদান না হওয়ায় তারা হতাশায় ভুগছিলেন। এর মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং গোপনে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার কারণে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। দ্রুত যোগদানের ব্যবস্থা করার দাবি জানিয়ে তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপিও প্রদান করেছিলেন।
সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সরকার ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে নিয়োগে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত ২৯ অক্টোবরেই তারা কাজে যোগ দিতে পারবেন।
আপনার মতামত লিখুন :