
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বিএনপিকে জাতীয় মুনাফেক ও বেইমানের দল হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এই মন্তব্য করেন।
হাফেজ মেহেদী হাসান বলেন, সরকার গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে এবং বিএনপি জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একই সঙ্গে জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল, সেখানে বিএনপি সরকার মাত্র ৪৯ শতাংশ ভোট নিয়ে শপথ গ্রহণ করে জাতির সঙ্গে মুনাফেকি করেছে। তিনি আরও বলেন, ১৯৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপির মন্ত্রীরা বলেছিলেন, ‘বাংলাদেশে শুধুমাত্র শিশু এবং পাগলেরাই নিরপেক্ষ থাকে।’ এখন তারা দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিজয়-২৪ হল, স্টেডিয়াম ও বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “জুলাই সনদ মেনে নে, নইলে গদি ছাইড়া দে”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” এবং “গণভোটের গণরায় মানতে হবে”সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, ছাত্রসমাজ শেখ হাসিনাকে বিদায় করেছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন চেয়েছিল, কিন্তু বিএনপির মুনাফেকি চরিত্র এখন স্পষ্ট। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় না মানলে ছাত্রশিবির রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে বিচার নিশ্চিত করার জন্য ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে। কর্মসূচিটি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীব।
আপনার মতামত লিখুন :