
খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। শিশুটি বাড়ির পাশের ওই দোকানে চকোবিন কিনতে যায়। অভিযোগ রয়েছে, এ সময় দোকানি রাজু মোল্লা তাকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট চকোবিন দেওয়ার প্রলোভন দেখান। শিশুটি একটি প্যাকেট নিতে চাইলে দোকানি কৌশলে তাকে দোকানের পাশের একটি কক্ষে নিয়ে যান।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, ওই কক্ষে নিয়ে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন রাজু মোল্লা। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে ওই দোকানে এসে দোকানিকে ডাকাডাকি শুরু করেন। পরিস্থিতির চাপে রাজু কক্ষ থেকে বেরিয়ে এলে শিশুটি অসংলগ্ন পোশাকে দোকান থেকে দ্রুত বেরিয়ে যায় এবং বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তেরখাদা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। আটকের সময় স্থানীয়দের পিটুনিতে আহত হওয়ায় রাজু মোল্লাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :