Facebook Twitter Instagram YouTube

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ /
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তাদের গ্রেড-২ পদে উন্নীত করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকেও এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor