
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে নির্বাচন করে একটি 'সিন্ডিকেটভিত্তিক' শ্রমবাজার তৈরির সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে অভিযোগ করেছেন যে, সরকারের একটি মহল এই সিন্ডিকেটের মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কর্মরত শ্রমিকরা যেমন নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করছেন, তেমনি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মাত্র ২৫টি এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক।
জামায়াতের এই নেতা অতীতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে বলেন, অতীতেও সীমিত এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিপুল সংখ্যক কর্মীর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবারও একই ব্যবস্থা চালু হলে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে, যা তাদের ও তাদের পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে।
দেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও নির্দিষ্ট ২৫টি এজেন্সিকে প্রাধান্য দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এর পরিবর্তে বায়রার সদস্য এবং অভিজ্ঞ ও যোগ্য সব এজেন্সির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতেই কেবল সিন্ডিকেটের দৌরাত্ম্য, প্রতারণা ও অতিরিক্ত ব্যয় থেকে সাধারণ শ্রমিকদের রক্ষা করা সম্ভব হবে।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেন, সহজ ও স্বল্প খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা, প্রবাসী নাগরিকদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি অবিলম্বে জনস্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রম থেকে সরে এসে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কম খরচে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং সিন্ডিকেট ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আপনার মতামত লিখুন :