Facebook Twitter Instagram YouTube

‘উন্নত পার্বত্য চট্টগ্রাম গঠনই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য’: মীর হেলাল


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ /
‘উন্নত পার্বত্য চট্টগ্রাম গঠনই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য’: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, বরং মানব সম্পদের উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গঠন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য।

রোববার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গামাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কেবল ফ্রিল্যান্সার তৈরি করছে না, বরং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ দেশে আনার প্রক্রিয়া বর্তমান সরকার অনেক সহজ করে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’র ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এ অঞ্চলের তথা দেশের উন্নয়নে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। পার্বত্য অঞ্চলের উন্নয়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, সদস্য অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপ-সচিব) জাহিদ ইকবাল এবং রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার ২০০ জন প্রশিক্ষণার্থীকে আইটি সনদ, ৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। বিকেলে তিনি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক থেকে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মহাপুরম খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন। এর আগে, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি পৌঁছানোর পর তিনি জেলা পরিষদ আয়োজিত ই-লার্নিং সেন্টারের উদ্বোধন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh